বাংলাদেশের আকাশে আজ ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ২৯ মে (বৃহস্পতিবার) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী, আগামী ৭ জুন (শনিবার) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট দপ্তর থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত জানানো হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. আয়াতুল ইসলামসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।