আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলতে যাচ্ছে, তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। রবিবার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বাবর আজম ও শাহীন আফ্রিদির নেতৃত্বাধীন জাতীয় দলকে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য সরকারিক অনুমোদন দেওয়া হয়েছে।
পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স (টুইটার) একাউন্ট থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।
এর আগে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসে বিশ্বকাপ অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। পাকিস্তান সংবাদমাধ্যমে কিছুদিন ধরেই এ নিয়ে গুঞ্জন চলছিল যে, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার প্রতিবাদে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে। পিসিবিপ্রধান মহসিন নাকভি আইসিসির দ্বিচারিতার কথাও উল্লেখ করেছেন।
অনেক আলোচনা-সমালোচনার পর পাকিস্তান অবশেষে বিশ্বকাপে অংশগ্রহণ এবং ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেছে।