আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে তৃতীয় দিনের প্রথম ধাপের সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে এই সংলাপের আয়োজন করা হয়।
সংলাপে অংশ নেয় বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) প্রতিনিধি দল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংলাপটি বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলার কথা রয়েছে।