ঢাকা: নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা যমুনা অভিমুখে মিছিল বের করেন। তারা ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের প্রবেশ মুখে অবস্থান নেন। এসময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার নির্দেশ দেন।
এক ভিডিওতে দেখা যায়, কমিশনার সরাসরি পুলিশের ওপর চড়াও হয়ে আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
সংঘর্ষের মধ্যেই সরকারি চাকরিজীবীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. নবী জানান, “সরকারি কর্মচারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে এবং জলকামান পরিচালনা করা হয়েছে।”