সুস্থ দেহ, সুন্দর মন’- স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান–২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোবাশ্বের খাতুন কুরাইশা এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ মনিরুজ্জামান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উরিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠান ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান জানান, সুস্থ দেহ, সুন্দর মন’—এই স্লোগানকে সামনে রেখে আমরা সমবেত হয়েছি আমাদের কিশোর ক্রীড়াবিদদের মনোবল বাড়াতে এবং ক্রীড়াঙ্গনের আনন্দ ভাগ করে নিতে এবং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতেই এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি কাউছার হামিদ বলেন, “আমরা সবসময় বলে থাকি শিক্ষা প্রতিষ্ঠান কি শুধুই পড়াশোনার জন্য? শিক্ষা প্রতিষ্ঠান শুধু পড়াশোনার জন্য নয়। সেখানে খেলাধুলা, স্কাউট, ডিবেট, বিজ্ঞান ক্লাব ও লাইব্রেরি থাকতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসে যুক্ত হতে হবে, যাতে তারা দেশের সম্পদে পরিণত হতে পারে।”
বক্তব্যে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, অনেক প্রতিষ্ঠানে বর্তমানে সহ-শিক্ষা কার্যক্রমের অভাব দেখা যায়। তবে কলাপাড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “গত কয়েকদিন এই উপজেলায় কাজ করতে গিয়ে দেখেছি কলাপাড়ার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত সমৃদ্ধ। এখানকার শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নান্দনিকতা আমাকে অভিভূত করেছে।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাওলানা নিজাম উদ্দীন।