২০২৬ সালের ঈদুল ফিতর কবে উদযাপিত হবে—তা নিয়ে এবার জ্যোতির্বিজ্ঞানীরা দিয়েছেন সম্ভাব্য পূর্বাভাস। সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন, ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ দেখা যাবে ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার)। তবে সে দিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে বলে খালি চোখে চাঁদ দেখা সম্ভব নয়।
এই হিসেবে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে রমজান শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। ফলে রমজান পূর্ণ ৩০ দিন হলে ২০ মার্চ (শুক্রবার) শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতর হবে। সেক্ষেত্রে বাংলাদেশে ঈদুল ফিতর পালিত হতে পারে ২১ মার্চ, শনিবার।
আল-জারওয়ান আরও জানান, ইসলামিক মাসগুলো হিজরি চন্দ্রপঞ্জিকা অনুযায়ী নির্ধারিত হওয়ায় চাঁদ দেখা নির্ভর করবে স্থানভেদে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটি ১৮ ফেব্রুয়ারি চাঁদ দেখার চেষ্টা করবে, এরপরই চূড়ান্তভাবে রমজান শুরুর তারিখ ঘোষণা করা হবে।
২০২৬ সালের রমজানে রোজার সময়ও ভিন্ন হবে দেশভেদে। রমজানের শুরুতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, কাতার ও কুয়েতে প্রায় ১২ ঘণ্টা রোজা থাকবে, যা মাসের শেষ দিকে ধীরে ধীরে ১৩ ঘণ্টার কাছাকাছি পৌঁছাবে বলে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন।