আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন ভারতের কংগ্রেস সাংসদ শশী থারুর। তার মতে, খেলাধুলার ক্ষেত্রে রাজনীতির অনুপ্রবেশ কাম্য নয় এবং এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক প্রভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, মোস্তাফিজকে কলকাতার হয়ে খেলার চুক্তি থেকে বঞ্চিত করা উচিত হয়নি এবং এতে ক্রীড়াঙ্গনের স্বাভাবিক ধারার ব্যত্যয় ঘটেছে।
শশী থারুর আরও দাবি করেন, রাজনীতির এই প্রভাবের কারণে বাংলাদেশ থেকে যে প্রতিক্রিয়া এসেছে, তা পরিস্থিতিরই প্রতিফলন। একই সঙ্গে তিনি বলেন, পাকিস্তান এখন এই ইস্যুতে সংহতি প্রকাশের চেষ্টা করছে, যা সংশ্লিষ্ট সবার জন্য একটি ‘ওয়েকআপ কল’। তার ভাষায়, এই ঘটনা প্রমাণ করে যে খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা কতটা জরুরি।
উল্লেখ্য, আইপিএলের নিলামে বড় অঙ্কের বিনিময়ে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে সুযোগ পান মোস্তাফিজুর রহমান। তবে সাম্প্রতিক কিছু ঘটনা ও দুই দেশের রাজনৈতিক আবহের প্রভাবে শেষ পর্যন্ত তাকে দল থেকে বাদ দেওয়া হয়। এই সিদ্ধান্ত নিয়ে ক্রীড়াঙ্গন ও সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।